প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ১৮ লক্ষ টাকার সিগারেট, মোবাইল ও বিউটি ক্রিম জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও ১৫টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

২৩ ফেব্রুয়ারী(সোমবার) ভোর ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরের এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স এবং কাস্টমস শাখা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। তল্লাশিতে ৯১০ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট, ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং ১৫টি মোবাইল ফোন পাওয়া যায়।

জব্দকৃত পণ্যের সঙ্গে জড়িত তিন যাত্রী হলেন, ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ ও চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পণ্যগুলো কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত সিগারেট ও বিউটি ক্রিমের মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সব সংস্থার নজরদারি অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন