প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে ফরিদগঞ্জ: এমপি এম এ হান্নান

নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জের মাটিতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি রাতের ভোটে বা প্রশাসনের সহযোগিতায় নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরাধীর কোনো ছাড় নেই সভায় এমপি হান্নান প্রশাসন ও পুলিশকে জনগণের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ দেন। তিনি বলেন, “অপরাধী যদি আমি বা আমার ছেলেও হয়, তার কোনো ক্ষমা নেই।

অতীতে যা হয়েছে তা নিয়ে প্রশ্ন না তুলে ভবিষ্যতে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় না দেওয়ার কথা জানান তিনি। অবৈধ তদবির বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারি কাজে কেউ বাধা দিতে পারে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ প্রশাসনকে নিরীহ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে আইনি সুযোগ দিয়ে গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নিজের জবাবদিহিতার বিষয়ে এমপি হান্নান বলেন, “আমার কোনো ভুল হলে এমন সভায় নির্ভয়ে তুলে ধরবেন। আমি সামনাসামনি কথা বলি। প্রয়োজনে সংসদেও বিষয় উত্থাপন করবো। ফরিদগঞ্জবাসীর উন্নয়নে সবার মতামত নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে তিনি জানান, গত এক বছরে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ এলাকায় এনেছেন। এছাড়া পূর্বে প্রায় ২০০ কিলোমিটার সড়ক নির্মাণ করেছেন, যা অন্য কোনো জনপ্রতিনিধি করতে পারেননি বলে দাবি করেন।

সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, এইচ এম হারুনুর রশিদ, শাহ আল শেখ, বেলায়েত হোসেন, মহসিন হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও হুমায়ুন কবির প্রমুখ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন