প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঢাকায় প্রথম রোজায় পাড়া-মহল্লায় জমজমাট ইফতার বাজার

আল আমিন হোসেন শুভ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজানের প্রথম রোজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকার পাড়া-মহল্লায় জমে উঠেছে ইফতারের অস্থায়ী বাজার। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই বসেছে নানা রকম ভাজাপোড়া ও ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর দোকান। বিকেলের পর থেকেই ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে ওঠে চারপাশ।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে বড় ট্রেতে সাজানো রয়েছে গরম গরম বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ডাল বড়া, বুন্দিয়া, মুচমুচে পাকোড়া ও ডিম চপ। পাশেই প্যাকেটভর্তি মুড়ি, চিঁড়া, চানাচুর, ভাজা বাদাম ও ছোলা। বড় বাটিতে রাখা মশলাদার বুটও রয়েছে ক্রেতাদের বিশেষ আগ্রহের তালিকায়।

বিক্রেতারা জানান, প্রথম রোজা ঘিরে মানুষের উৎসাহ অন্য দিনের তুলনায় বেশি থাকে। পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে ইফতার করার আনন্দে অনেকেই বাড়তি আয়োজন করেন। ফলে চাহিদাও বাড়ে কয়েকগুণ। বিকেল গড়াতেই গরম তেলে একের পর এক ভাজা হচ্ছে বেগুনি আর চপ, চারদিকে ছড়িয়ে পড়ছে সুগন্ধ।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইফতার শুধু খাবারের আয়োজন নয় এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। রমজান মাসে ভাজাপোড়া, মুড়ি-ছোলা, বুন্দিয়া ও শরবত যেন বিশেষ এক আবহ তৈরি করে। পাড়া-মহল্লার ছোট দোকানগুলো তাই হয়ে ওঠে প্রাণের মিলনমেলা।

প্রথম রোজার এই আমেজে রাজধানীর অলিগলি যেন রূপ নেয় ছোটখাটো উৎসবের মাঠে খাবারের রঙ, গন্ধ আর মানুষের কোলাহলে প্রাণ ফিরে পায় চারপাশ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন