প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

১২ পূর্ণমন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নবীন ও প্রবীণের সমন্বয়ে ৩০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। দলীয় সূত্রে জানা গেছে, এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী।

সূত্র বলছে, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের পাশাপাশি তরুণ ও কর্মঠ মুখদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে দলের সিনিয়র অনেক নেতাকে এবার মন্ত্রিসভায় দেখা যাবে না। নেতৃত্বের ভারসাম্য রক্ষা এবং কার্যকর প্রশাসন গঠনের লক্ষ্যেই এই সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই মন্ত্রিসভার সদস্য বাছাই প্রক্রিয়া তদারকি করছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সবদিক বিবেচনা করেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

নতুন মন্ত্রিসভায় বর্তমান সরকারের দু’জন সদস্য যুক্ত হতে পারেন বলেও আলোচনা রয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানা গেছে। তবে চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান ছাড়া আর কারও কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন দলীয় নেতারা।

নতুন মন্ত্রিসভা ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে কৌতূহল ও আলোচনা তুঙ্গে রয়েছে। এখন সবার দৃষ্টি সম্ভাব্য মন্ত্রীদের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন