প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৩ যোগে তিনি দুবাই হয়ে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
দেশের বিমানবন্দরে যাত্রী আসা-যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, ফয়েজ তৈয়্যব আজ সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। বাংলাদেশ ত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন। বিমানবন্দর গোয়েন্দা শাখার সূত্র জানায়, দেশত্যাগে বা বিদেশ গমনে ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি।
বিমানবন্দর গোয়েন্দা শাখার সূত্র জানায়, দেশত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেন। তার বিরুদ্ধে দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি।
নিয়োগ ও দায়িত্বের প্রেক্ষাপট: ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়টি শূন্য হয়ে পড়ে। এর পর ৫ মার্চ ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ioলীগ সরকারের পতনের পর প্রযুক্তি খাত পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার তাকে নেদারল্যান্ডস থেকে নিয়ে আসে।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট : গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এর মধ্যেই ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগের ঘটনা সামনে এলো।