প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন–পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজের দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ।

 

গতকাল শুক্রবার রাতে তাঁদের চাঁদপুর মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং গতকাল শুক্রবার দফায় দফায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসব ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর অনুসারী ছাত্রদলের পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

এই পাঁচজন হলেন শহরের ওয়্যারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম ওরফে জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

অভিযুক্তদের ধরার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন জানিয়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ বলেন, ‘আমার চাঁদপুরে এখন থেকে আর কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক কারবারি থাকবে না।’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন