প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড

চাঁদপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা কার্যালয়ে অগ্নিকাণ্ড
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শহরের জেলা জজের বাসভবনের বিপরীত পাশে অবস্থিত দলটির কার্যালয়ের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ভবনের ওপর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে, প্রাথমিকভাবে কেউ কাছে যেতে পারেননি। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবরে আশপাশের এলাকায় মানুষের ভিড় জমে যায়। একপাশে ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যপাশে জনসমাগম থাকায় সড়কটিতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতেও একাধিকবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ এই আগুন কীভাবে লাগলো বা কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগও তুলেছেন অনেকে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন