চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোট দেওয়ার অভিযোগে বাবা-ছেলেসহ ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা যায়, বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের সাইফুল ইসলাম ও তার ছেলে মো. সাফায়েত হোসেনকে আটক করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস এবং সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে একই গ্রামের মো. সজিবকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা তাকে ১ মাসের কারাদণ্ড দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জাল ভোট দেওয়ার ঘটনায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।