প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বরাদ্দ বাড়ানোর দাবিতে নির্বাচন সরঞ্জামবাহী চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

বরাদ্দ বাড়ানোর দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যবহৃত সরঞ্জাম বহনকারী গাড়ির চালকরা।

 

বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে প্রায় এক ঘণ্টা অবস্থান করে কয়েকশ চালক বিক্ষোভ করেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

অন্দোলনে অংশ নেওয়া চালকরা জানান, নির্বাচন উপলক্ষে তাদের চার দিন দায়িত্ব পালন করতে হলেও তাদের জন্য মাত্র এক হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ প্রতিদিন মাত্র ২৫০ টাকা। যা বর্তমান পরিস্থিতিতে অপ্রতুল। তারা বরাদ্দ বাড়িয়ে অন্তত তিন হাজার টাকা করার দাবি জানান।

এ সময় বিক্ষুব্ধ গাড়ি চালকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো গাড়ি কেন্দ্রে না পাঠানোর ঘোষণা দেন।

 

 

আন্দোলনে অংশ নেওয়া চালক সৌকিম চৌধুরী বলেন, ‘‘নির্বাচনের জন্য আমরা চার দিন কষ্ট করবো, অথচ দেওয়া হবে মাত্র এক হাজার টাকা- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সংসার আছে, পরিবার আছে। এ বরাদ্দ দিয়ে চলা সম্ভব নয়।

চালকদের বিক্ষোভের কারণে নির্ধারিত সময়ে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ বাড়িয়ে প্রতিদিন ৫০০ টাকা করে মোট দুই হাজার টাকা নির্ধারণ করা হয়।

পরে চালক মাসুদ হোসেন বলেন, ‘‘এখন যা বাড়ানো হয়েছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে ভবিষ্যতে ন্যায্য পারিশ্রমিক না পেলে আমরা আর দায়িত্ব পালন করবো না।’’

পরে বিকাল থেকে পুনরায় নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়।

 

জামিউল হিকমা বলেন, ‘‘চালকদের দাবি বিবেচনা করে চার দিনের জন্য দুই হাজার টাকা দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারদের কাছে তাদের পারিশ্রমিক পাঠানো হয়েছে।’’

বরাদ্দের মধ্য থেকেই এ অর্থ প্রদান করা হচ্ছে। নির্বাচন শেষে প্রয়োজন হলে নতুন করে বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন