চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের পক্ষে চিংড়ি মার্কার বিজয়ের লক্ষ্যে চাঁদপুরে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদগঞ্জের শোলা আশেক আমী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ জনসমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল থেকেই ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিলসহ মাঠে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জনসমাবেশস্থলে চিংড়ি প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা দেখা যায়।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হানান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম নিরব, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা-১৪ আসনের সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু)।
বক্তারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ নেতৃত্ব, ত্যাগ ও গণতন্ত্রের পক্ষে একসঙ্গে চলার আহ্বান জানান। তাঁরা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি।
জনসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে উপস্থিত জনতা শৃঙ্খলার সঙ্গে সমাবেশস্থল ত্যাগ করেন।
এ জনসমাবেশের মাধ্যমে ফরিদগঞ্জ এলাকায় চিংড়ি মার্কার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা