প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দুই দিন বন্ধ থাকবে হাজীগঞ্জ’সহ দেশের সব দোকান ও শপিংমল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশের শপিংমল, বাণিজ্য বিতান এবং সব দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হয়। তবে সিদ্ধান্ত প্রকাশ্যে আসে শনিবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, নির্বাচন উপলক্ষ্যে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারিত হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন শুক্র ও শনি, সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি।
এর ফলে টানা কয়েক দিনের ছুটির মধ্যে পড়ছে দেশ, যার প্রভাব পড়বে খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রমে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর এর ফলেই  শপিংমল, বাণিজ্য বিতান এবং সব দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন