প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঢাকা মহানগরীতে ৫৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো উত্তর কার্যালয়।

ডিএনসি সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ডিএনসি উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান-এর নেতৃত্বে একটি বিশেষ দল রাজধানীর মিরপুর, পল্লবী, ডিওএইচএস, উত্তরা ও টংগী এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

প্রথম দফায় পল্লবী থানাধীন মিরপুর-১২, ডিওএইচএস রোড নং-১০, এভিনিউ-৩ এলাকায় একটি প্রাইভেটকারের সামনের ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৬ হাজার পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কারটির চালক মোঃ রাজু মোল্লা (৩৮)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদ, জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজু মোল্লার সহযোগী মোঃ সুমন মিয়া-কে তুরাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪ হাজার পিস ইয়াবা।
এছাড়া, রাজু মোল্লার ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালিয়ে তার স্ত্রী সানজিদা আখতার (২৮)-কে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, টংগীর শিলমুন এলাকায় ইয়াবার একটি বড় চালান মজুদ রয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে ৪৭ হাজার পিস ইয়াবাসহ জোৎস্না আক্তার (৩০) নামের আরেক সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিএনসি জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকাসহ আশপাশের এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পল্লবী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন