প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রচারের মাঝেও সৌহার্দ্যের নজির কবর জিয়ারতে মুখোমুখি দুই প্রার্থী

নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনী প্রচারের উত্তাপের মাঝেও সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী ও চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের বাবা–মায়ের কবর জিয়ারত করে এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল পাটওয়ারী বাড়ি এলাকায় অবস্থিত কবরস্থানে সমর্থকদের নিয়ে গিয়ে তিনি মরহুমদের কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা, পারস্পরিক সম্মান ও সহনশীলতাই একটি গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি।

কবর জিয়ারতকালে বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আমানত গাজী, এম. এ. হান্নানের পুত্র আব্দুল ইবনে হান্নান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, স্থানীয় বিএনপি নেতা মাসুদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ নির্বাচনী পরিবেশে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই এটিকে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ আসনে প্রার্থীরা প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে এ ধরনের সৌজন্যমূলক পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

কবর জিয়ারত শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ছেলে সাদমান সাকিব অপূর্ব স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানকে সৌজন্য সাক্ষাতে চায়ের আমন্ত্রণ জানান। এ সময় এম. এ. হান্নান চিংড়ি প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন