প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ ও মিছিল

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে ফরিদগঞ্জ পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া, ফরিদগঞ্জ বাজার, বাসস্ট্যান্ডসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন প্রার্থীসহ দলীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “আমি ফরিদগঞ্জের প্রতিটি ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সর্বত্রই দেখেছি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার ও সুশাসন চায়। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি ফরিদগঞ্জের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই প্রত্যাশার বাস্তব প্রমাণ দেবেন।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ আন্দোলনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউনুস হেলাল, উপজেলা সেক্রেটারি শাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর সেক্রেটারি ফখরুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রাসেল হোসেন, জামায়াত নেতা মাহিদুল হাসান মাসুদসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগ ও মিছিল চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফরিদগঞ্জ পৌর এলাকা। নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন