আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা।
কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন,
“যারা নারীদের ওপর নির্যাতন চালিয়েছে, যারা সমাজে অন্যায়-অবিচার প্রতিষ্ঠা করেছে—আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাদের বয়কট করবে। দেশ আজ নতুন পরিবর্তন চায়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নয়, সৎ ও আদর্শবান নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন,“আমরা সহনশীলতায় বিশ্বাসী। তবে সহনশীলতাকে যদি দুর্বলতা মনে করা হয়, তাহলে ইসলামী ছাত্রশিবির আন্দোলনের মাধ্যমেই সকল সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করা হবে। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, তবুও আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। কিন্তু বাঁধ ভেঙে গেলে তার জবাব দেওয়া হবে।”
জনসভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা।
যৌথভাবে সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থানা আমীর শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি শাহজাহান মিয়া, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক ডা. আরিফুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক আহমেদ সজীব, খেলাফত মজলিসের নেতা ফয়েজুল্লাহ মাহবুব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, ড. নেয়ামুল বশির, জেলা ও কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দসহ আরও অনেকে।
সভাপতির সমাপনী বক্তব্যে কচুয়া উপজেলাকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি কচুয়া থেকে মাদক নির্মূল ও সামাজিক অপরাধ দূর করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।