বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নিরাপত্তাশঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দল পাঠায়নি বাংলাদেশ সরকার।
জাতীয় ক্রিকেট দলের ভারত বিশ্বকাপ বাতিল হলেও দিল্লিতে আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এ ব্যাপারে সরকার মনে করছে, প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তাঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার।
এ প্রসঙ্গে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম চাঁদপুর ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। স্থানীয় আয়োজকেরা নিশ্চয়তা দিয়েছে নিরাপত্তার কোনো সমস্যা হবে না।
প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।
এ সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তাঁর খেলা ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার।
নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়া সাত দিন থাকতে পারবেন ভারতে। তবে শারমিনকে ভিসা নিতে হবে।
৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।