প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে নবজাতক জন্মকে ঘিরে চাঞ্চল্য, অভিযুক্ত বাবা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এনায়েতপুরে প্রেম-ভালোবাসার সম্পর্ক থেকে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রেমের সম্পর্কের সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হলেও সন্তান জন্মের পর পিতৃপরিচয় অস্বীকার করছেন অভিযুক্ত যুবক জুয়েল। ঘটনার পর থেকেই নবজাতকের পিতৃপরিচয় দাবিতে অসহায় মা আইনের দ্বারস্থ হন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি (বুধবার) দুপুরে নিজ বসত ঘরেই একটি পুত্র সন্তান জন্ম দেন ওই কিশোরী মা। বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন।

ভুক্তভোগী কিশোরী এনায়েতপুর আখন বাড়ির অটোরিকশা চালক বিল্লাল হোসেনের কন্যা এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। অভিযোগ অনুযায়ী, একই বাড়ির বাসিন্দা আমির হোসেনের ছেলে জুয়েল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং একপর্যায়ে শারীরিক সম্পর্কে জড়ায়। তবে সন্তান জন্মের পর পিতৃত্ব অস্বীকার করে উল্টো ডিএনএ পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অভিযুক্ত জুয়েল।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনা সমাজে নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরছে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন