আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগ কার্যক্রম চালানো হয়েছে।
শনিবার হাজীগঞ্জ পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমূড়া এলাকায় দিনব্যাপী এই গণসংযোগে নেতৃত্ব দেন পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চেয়ার প্রতীকে ভোট দিয়ে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী বলেন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী সেই নেতৃত্বের প্রতীক।
এ সময় বৃহত্তর সুন্নী জোটের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।