প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে বার্ষিক গণশুনানি ২০২৫ ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মতবিনিময় সভার শুরুতে হাইকমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ কনস্যুলার উইং-এর ২০২৫ সালের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এরপর আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে কনস্যুলার-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রশ্ন উপস্থাপন করা হয়।

পরবর্তীতে হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান হাইকমিশনের ২০২৫ সালের শ্রম উইং-এর কাজের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ সময় প্রবাসীরা শ্রম উইং-বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

সভায় উত্থাপিত সকল প্রশ্নের উত্তর প্রদান করেন হাইকমিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ। এছাড়াও সভায় পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।

সবশেষে প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি বর্তমানে মালদ্বীপে প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলমান থাকায় সবাইকে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে চলা, সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান, মিলেমিশে বসবাস এবং ফ্রি ভিসায় মালদ্বীপে না আসার বিষয়ে সবাইকে সতর্ক করেন। মালদ্বীপে আগমনের পূর্বে যথাযথ তথ্য যাচাই করে আসার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় প্রবাসীদের পক্ষ থেকে মালদ্বীপে বাংলাদেশের ব্যাংক শাখা খোলার দাবি জানানো হয়, যাতে প্রবাসীরা স্থানীয় মুদ্রায় বৈধভাবে অর্থ প্রেরণ করতে পারেন। এ বিষয়ে হাইকমিশনার জানান যে বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মহলের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

খুবই উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে মতবিনিময় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন