জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কচুয়া উপজেলার কাদলা এসএস ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ ফাযিল মাদ্রাসা ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষের এই মনোনয়ন ঘোষণা করা হয়।
উপজেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে এবার চাঁদপুর জেলা পর্যায়ের মাদ্রাসা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী ইউসুফ। পাশাপাশি কাদলা এসএস ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে মনোনীত হয়।
গত ১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন প্রদান করা হয়।
মাওলানা গাজী ইউসুফ কচুয়া উপজেলার মনপুরা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কাদলা এসএস ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সাফল্যে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার ফলাফল, গভর্নিং বডির দক্ষতা, শিক্ষকদের নিষ্ঠা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি দক্ষতা, পাঠদানের নিয়মিততা, শিক্ষার পরিবেশ এবং জাতীয় দিবসসমূহ যথাযথভাবে উদযাপনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাদলা এসএস ফাযিল মাদ্রাসাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ যোগদানের পর থেকে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক যুগোপযোগী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত করেন বিচারক প্যানেল।
এই গৌরবজনক অর্জনে উপজেলার সুধীজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষানুরাগী সংগঠনের নেতৃবৃন্দ অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ ও কাদলা এসএস ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।