জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট জি অ্যান্ড এ আলী হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জেরিন জাশিয়া।
জানা গেছে, রচনা প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “বাংলাদেশের উৎসব”। এই বিষয়ে জেরিন অত্যন্ত একাগ্রতা, সৃজনশীলতা ও সুস্পষ্ট ভাষার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় উৎসবসমূহকে তার রচনায় দক্ষতার সঙ্গে তুলে ধরে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে জেরিন জানায়, জেলা পর্যায়ে প্রথম হওয়ায় সে খুবই আনন্দিত। আগামীতে বিভাগীয় পর্যায়েও আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করে সে সবার কাছে দোয়া কামনা করেছে। সন্তানের এই অর্জনে জেরিনের মা-বাবাও গভীর গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন।
এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার শ্রেণি শিক্ষক মোফাজ্জল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে জেরিনকে নিয়মিত সাহস, দিকনির্দেশনা ও মানসিক সহায়তা দিয়ে আসছেন। নিজের শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্ব প্রকাশ করে তিনি বলেন, জেরিনের এই অর্জন প্রমাণ করে সঠিক অনুপ্রেরণা ও পরিশ্রম থাকলে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যেতে পারে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেরিন জাশিয়ার এই সাফল্য ফরিদগঞ্জ উপজেলা তথা পুরো চাঁদপুর জেলার জন্য একটি গৌরবের বিষয়। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা ও সংস্কৃতির চর্চায় এমন অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।