প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও মানবিক সম্মাননা

শান্তু ধর
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সমাজসেবায় অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় “সবার আত্ম-অনুসন্ধান” শীর্ষক এক আলোচনা সভা। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্ব ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সমাজসেবার গুরুত্ব, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহসহ আরও অনেকে। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ, প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে।

এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং অদম্য প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন, যা উপস্থিত সবার মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষপর্বে মানবতার সেবায় বিশেষ অবদান রাখার জন্য ‘শ্রেষ্ঠ মানবিক স্বেচ্ছাসেবক’, ‘আত্মমানবতার সেবায় কচুয়ার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন’ এবং ‘অদম্য অন্বেষণ’ ক্যাটাগরিতে ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সমগ্র আয়োজনটি কচুয়ায় সমাজসেবামূলক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। জাতীয় সমাজসেবা দিবসের এই উদযাপন মানবিক সমাজ গঠনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন