হাজীগঞ্জ ও চাঁদপুর টাউন বর্ডারিং স্টেশন (টিবিএস) ও চাঁদপুর গ্যাস বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত ও কারিগরি উন্নয়ন কার্যক্রমের জন্য আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত মোট ৩২ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এই সময়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ ও সিএনজি শ্রেণির সব গ্রাহকের গ্যাস সংযোগে সরবরাহ বন্ধ রাখা হবে।
ফলে উক্ত লাইনের আওতাধীন চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সকল শ্রেণির গ্রাহকরা বুধবার সারাদিন ও বৃহস্পতিবার সকাল নাগাদ গ্যাস সরবরাহে বিঘ্নের সম্মুখীন হবেন।
গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যথাসম্ভব দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে। তবে কারিগরি প্রয়োজনে গ্যাস বন্ধ থাকার সময়সীমা কম বা বেশি হতে পারে।
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রমে যে অসুবিধা হতে পারে, সে জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।