প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনায় প্রবাস ফেরত স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তানের জননী সানিয়া আক্তার (১৯)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন প্রবাস ফেরত নাজমুল শেখ।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) মামলা দায়েরের পর রাতেই তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সানিয়া আক্তার সকদিরামপুর গ্রামের নাজমুল শেখের স্ত্রী। তার বাবার বাড়ি বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। সানিয়ার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের পিতা নাছির উদ্দিন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সানিয়া আক্তার ও নাজমুল শেখের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ৪০ দিনের কন্যাসন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নাজমুল শেখ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সানিয়ার ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করতেন। একাধিকবার তাকে নির্যাতন করা হয়েছে। ঘটনার আগের দিন রাতেও সানিয়াকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “গৃহবধূর পিতা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করলে আমরা তার স্বামী নাজমুল শেখকে আটক করি। পরে তাকে মঙ্গলবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন