চাঁদপুর শহরের নতুন বাজার সরকারি খাদ্য গুদামের সামনে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আঃ রশিদ খলিফা (৭৫) এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাজার সরকারি খাদ্য গুদামের সামনে এই ঘটনা ঘটে।
রশিদ খলিফা যিনি চাঁদপুরের ট্রাক ঘাট এলাকার ম্যাচ ফ্যাক্টরির বাসিন্দা মৃত ফরিজ উদ্দীনের ছেলে ও পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক। তিনি ট্রাক ঘাট বাইতুস সালাত জামে মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রশিদ খলিফা রূপালী ব্যাংকে টাকা জমা দিতে বাসা থেকে বের হন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে ডা. আনিসুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ট্রাক ঘাট এলাকা ও আশপাশের সড়কে ইট ও বালু ব্যবসায়ীদের কারণে রাস্তা দখল, পিকআপ-ঠেলাগাড়ি রেখে মালামাল লোড-আনলোডের কাজ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। যার ফলে পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া নদীর পাশে থাকা ডাস্টবিন থেকে ময়লা সরানোর ট্রাকও সড়কের উপর অবস্থান করে, যা দুর্ঘটনায় সহায়ক হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মুহসিন হোসেন ও সাখাওয়াত হোসেন হাসপাতালে এসে মৃতের সুরতহাল করেন। পরে মৃত রশিদ খলিফার পরিবারের লোকজন মরদেহ বাসায় নিয়ে যায়।